ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাঁচানো গেলো না শরীফের বড় ভাই জিয়াউর রহমানকে

ads

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে বাংলাদেশ লিজেন্ডসের হয়ে ভারত গিয়েছিলেন মোহাম্মদ শরীফ। সেখান থেকে বড় ভাইয়ের চিকিৎসার জন্য লিভার ডোনার চেয়ে এক আবেগঘন ভিডিও পোস্ট করেছিলেন তিনি। কিন্তু বাঁচানো গেলো না জাতীয় দলের সাবেক পেসারের ভাই মো. জিয়াউর রহমানকে।


সোমবার সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন জিয়াউর। শরীফের পরিবারের সদস্য সরোয়ার জাহান সুজন  এই খবর নিশ্চিত করেছেন। সোমবার বাদ মাগরিব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বালুর মাঠে জানাজা শেষে দাফন করা হবে জিয়াউরকে।


শুক্রবার বিকেলে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সাহায্যর আবেদন করেন শরীফ। কান্নাভেজা কণ্ঠে আকুতি জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট খেলা এই পেসার। এ সময় তিনি জানান লিভার ডোনার না পেলে তার বড় ভাইকে বাঁচানো যাবে না।


শরীফ ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আমি ক্রিকেটার মোহাম্মদ শরীফ, আপনাদের কাছে একটি আকুল আবেদন নিয়ে আসছি। আমার বড় ভাই অনেক দিন ধরেই লিভার সিরোসিসের যন্ত্রণায় ভুগছেন। তাকে চিকিৎসা করানোর জন্য লিভার প্রতিস্থাপন করাতে হবে। খুব দ্রুতই প্রতিস্থাপন করাতে হবে। না হয় তাকে আমরা জীবিত পাব না। কেউ কি আছেন আমাদের এই মুহূর্তে একটা লিভার দান করবেন? কেউ কি আমাদের পাশে এসে দাঁড়াবেন? দয়া করে কেউ যদি আমাদেরকে এই মুহূর্তে সাহায্য করেন, আমরা সারা জীবন আপনাদের আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। অনুগ্রহ করে আমার ভাইকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করুন।’


ভাইকে বাঁচাতে শরীফের এই আকুতির দুই দিন পরই না ফেরার দেশে চলে গেলেন। ভাইয়ের মৃত্যুর খবরে ভারত থেকে চলে আসছেন ২০০৭ সালে শেষবার জাতীয় দলের জার্সি পরা শরীফ।

ads
ads
ads

Our Facebook Page